

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শালিস চলাকালে সাংবাদিক জিয়াউল কবির (৪৮)কে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার (১৩ সেপ্টেম্বর) দামকুড়া থানায় তিনি বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ফেরদৌস রহমান খোকন (৫৫), ইসমাইল হোসেন পিন্টু (৬০), এজাহারুল হক কাকন (৫৭), আজিজুর রহমান (৬০) ও শহিদুল ইসলাম (৩৫)কে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩০৭, ৫০৬(২) ও ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রাম আদালতে শালিস চলাকালে ক্ষতিপূরণের বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সাংবাদিক জিয়াউল কবিরকে আসামিরা গলা চেপে ধরে এবং ইট-পাথর দিয়ে ডান হাতের কব্জিতে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাঁর পকেট থেকে পাঁচ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। পরে উপস্থিত ইউপি সদস্য ও অন্যরা তাঁকে উদ্ধার করেন। ঘটনাস্থল ছাড়ার সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
দামকুড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, লিখিত এজাহারের ভিত্তিতে নিয়মিত মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।#
আপনার মতামত লিখুন :