

মোঃ রাজু আহমেদ স্টাফ রিপোর্টার
প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার প্রসার, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা এবং গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় বিকাশ লিমিটেডের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম।
রোববার নওগাঁয় আয়োজিত এই কর্মশালায় বিকাশ লিমিটেডের পক্ষ থেকে মেজর এ কে এম মনিরুল করিম (অব.), ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সসহ প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তারা বিকাশের বিভিন্ন সেবা, ডিজিটাল আর্থিক ব্যবস্থার সুবিধা, প্রতারণা প্রতিরোধ এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্য
পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “বর্তমান যুগে ডিজিটাল আর্থিক সেবার গুরুত্ব অত্যন্ত বেশি। মোবাইল ব্যাংকিং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েছে। তবে এর পাশাপাশি সাইবার প্রতারণা প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।” তিনি আরও বলেন, “প্রতারণা রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। গ্রাহক পর্যায়ে সচেতনতা বাড়লে অপরাধ অনেকাংশে কমে আসবে।”
অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মশালার বিভিন্ন সেশন থেকে বাস্তবমুখী জ্ঞান অর্জন করেন এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জিজ্ঞাসার সমাধান নেন।
আয়োজকরা জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কর্মশালা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :