

নিজস্ব সংবাদদাতা
গোদাগাড়ীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মোবাইল কোর্টে জরিমানা
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) তারিখে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।
র্যাব-৫, রাজশাহী সিপিএসসি-এর কোম্পানির স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ নূরুল হুদা’র নেতৃত্বে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মোঃ শামসুল ইসলাম উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে গোদাগাড়ী থানাধীন সাড়োইল গ্রামের বাসিন্দা মোঃ রাসেল হোসেন (৪৯), পিতা মোঃ তাইফুর রহমান-এর বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের মধ্যে ছিল—
ডিজেল: ৫৫০ লিটার
পেট্রোল: ২২ লিটার
মোট জব্দকৃত জ্বালানির পরিমাণ ৫৭২ লিটার।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, নিয়ম বহির্ভূতভাবে এসব জ্বালানি তেল সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রেখে বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় জব্দকৃত তেল বাজেয়াপ্ত করা হয়।
পরে জব্দকৃত তেল মেসার্স শহিদুল ট্রেডার্স, রাজাবাড়ী হাট, গোদাগাড়ী-এর মাধ্যমে সাধারণ জনগণের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ মোট ৬৬,৭৭০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে
আপনার মতামত লিখুন :