

লালপুর(নাটোর) প্রতিনিধিঃনাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরেক আসামি পালিয়ে গেছে।
জানা যায়, লালপুর থানার এসআই মোঃ মুনসুপের নেতৃত্বে এএসআইমোঃ শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। গত ২৪ এপ্রিল উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে মোঃ মিলন ওরফে রাজিব (২৭) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার ও ইমো আইডিতে অবৈধভাবে প্রবেশ করত। পরে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডি নিজের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত।
এ সময় একই মামলার আরেক আসামি মোঃ মেহেরাব হোসেন শাকিল (২৩) কৌশলে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় দুই আসামির বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬ এর ১৭(১)(ক)(খ)/২৭ ধারায় মামলা (নম্বর-২৬, তারিখ: ২৫/০৪/২০২৬) দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি মিলন ওরফে রাজিবকে শনিবার (২৫ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :