র‍্যাব পরিচয়ে ‘ঈদ বোনাসের’ ১৯ লাখ টাকা লুট

দেশের খবর
Spread the love

মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লা
গাজীপুরের শ্রীপুরে র‌্যাব পরিচয়ে এক কেমিক্যাল কারখানার তিন কর্মকর্তাকে তুলে নিয়ে ১৯ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নেওয়া হয়েছে। উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার গেটের সামনে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার জন্য বৃহস্পতিবার বিকালে ১৯ লাখ ৪৫ হাজার টাকা ব্যাংক থেকে তুলেছিল কারখানা কর্তৃপক্ষ। টাকা নিয়ে প্রাইভেটকারে কারখানার গেটের সামনে যান তিন কর্মকর্তা। এ সময় একটি নোহা গাড়ি কারখানা গেটের সামনে প্রাইভেটকারের গতিরোধ করে। র‌্যাবের জ্যাকেট পরিহিত কয়েকজন ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে তিন কর্মকর্তাকে নামিয়ে তাদের নোহা গাড়িতে তুলে নেয়। তারা ওই কর্মকর্তাদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় সন্ধ্যা ৬টার দিকে নামিয়ে দেয়। এ সময় শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার জন্য তাদের কাছে থাকা ১৯ লাখ ৪৫ হাজার টাকা লুটে নেয়। পুলিশ ঘটনা উদঘাটনে বিভিন্নভাবে তদন্ত করছে। এ ঘটনায় কারখানার পক্ষ থেকে শুক্রবার (০৭ জুন) শ্রীপুর থানায় মামলা করা হয়েছে। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করছি।

তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ মেজর জন্নুরাইন বিন আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাটি শুনেছি। কারখানা থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে র‌্যাব পরিচয় দেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *