মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং মা দুর্গা দেবীকে বরণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আক্তার সভায় সভাপতিত্ব করেন।
সভায় আসন্ন দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্বেচ্ছাসেবক দল গঠনসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে সবাই আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদ রেজা এবং ধরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আবহমান কাল ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিকে ধারণ করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং সহযোগিতায় মোহনপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব সুন্দর, আনন্দময় ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.