পূর্বাহ্ণ ০৬:৫৪
শনিবার
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদলের তালে নৃত্য ও বর্ণাঢ্য আয়োজনে নিয়ামতপুরে ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ন / ০
মাদলের তালে নৃত্য ও বর্ণাঢ্য আয়োজনে নিয়ামতপুরে ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত
শুনুন বাংলায় Ready

এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
ধামসা-মাদলের সুর, কাঁসরের ছন্দ আর ঐতিহ্যবাহী নৃত্যের মধ্য দিয়ে নওগাঁর নিয়ামতপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ওঁরাও সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কারাম উৎসব’।
​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাসনা গ্রামের ঐতিহাসিক মাসনা মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় ওঁরাও সম্প্রদায়ের নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে অংশ নেন। এতে করে পুরো মাসনা মাঠ এক রঙিন মিলনমেলায় পরিণত হয়।
উৎসবের শুরুতেই এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি মাসনা মাঠ ও আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনর্নির্ধারিত অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। র্যালিতে তরুণ-তরুণী ও বয়োবৃদ্ধরা নিজ নিজ সংস্কৃতি ফুটিয়ে তুলে নানাবিধ বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন।
উল্লেখ্য, কারাম সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শতবর্ষী এক পরম ঐতিহ্যবাহী উৎসব। সৃষ্টিশীল প্রকৃতি ও কারাম বৃক্ষের ডালকে কেন্দ্র করে তাদের ঐতিহ্যগত ধর্মীয় ও সামাজিক আচার সম্পন্ন হয়। কারাম ডালকে ঘিরে পূজা-অর্চনা, ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সৃষ্টিকর্তার কাছে সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করেন উৎসব পিপাসুরা।উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মো. মোস্তাফিজুর রহমান।
​গৈল দিগরী ওঁরাও সমাজ উন্নয়ন পরিষদের রাজা বাবুলাল টপ্প্যের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা রনজিত মিন্জের সফল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ওঁরাও সম্প্রদায়ের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, “কারাম উৎসব শুধু একটি পরব নয়, এটি ওঁরাও সম্প্রদায়ের হাজার বছরের জীবনধারার সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা এক অমলিন সংস্কৃতি। প্রজন্ম থেকে প্রজন্মে নিজেদের অকৃত্রিম পরিচয় ও স্বকীয়তা টিকিয়ে রাখতে এই চর্চা অক্ষুণ্ন রাখা জরুরি। তরুণদের মাঝে নিজস্ব মূল ও শেকড়ের চেতনাকে জাগ্রত রাখতে প্রতি বছর এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
আলোচনা সভা শেষে শুরু হয় বহুল প্রতীক্ষিত কারাম নৃত্য প্রতিযোগিতা। ঢোল, মাদল ও নানা লোকজ বাদ্যযন্ত্রের সুরে সুর মিলিয়ে বিভিন্ন দল সারিবদ্ধ হয়ে চিত্তাকর্ষক নৃত্য পরিবেশন করে। তাদের সাবলীল নাচ ও গানে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগী দলগুলোর মনোমুগ্ধকর পরিবেশনা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
পুরো বর্ণিল আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিল ‘গৈল দিগরী ওঁরাও সমাজ উন্নয়ন পরিষদ’।

2

2