

মোঃআইয়ুব আলী, লালপুর(নাটোর):নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়ক দুর্ঘটনা রোধে নাটোরের লালপুরে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। আজ উপজেলার শিমুলতলা এলাকায় ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ মোতাবেক এই অভিযান চালানো হয়।অভিযান চলাকালে সড়কে চলাচলকারী বিভিন্ন মোটরসাইকেল ও ভারী যানবাহনের লাইসেন্স, ফিটনেসসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় আইন অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য চালক ও সাধারণ জনগণকে ট্রাফিক আইন মেনে চলতে সচেতন ও সতর্ক করা হয়। উক্ত অভিযানে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিতকরণে সক্রিয় সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যবৃন্দ।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে এই ধরনের জনস্বার্থমূলক অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :