
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
বেলা ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন মালিকেরা। এ সময় তাঁরা আরএমপি পুলিশ ও সংশ্লিষ্ট সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে মোবাইল ফোন ফিরে পাওয়া রুমা খাতুন জানান, প্রায় এক বছর আগে তাঁর শখের মোবাইল ফোনটি ছিনতাই হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি। দীর্ঘদিনেও ফোনটি উদ্ধারের আশা ছেড়ে দিয়েছিলেন। তবে পুলিশের ফোন পেয়ে উদ্ধারের খবর জানতে পেরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
জিনিয়া আফরোজ শারমিন জানান, প্রায় দুই বছর আগে ট্রেনে যাতায়াতের সময় তাঁদের একটি মোবাইল ফোন হারিয়ে যায়। পরে আরও দুটি ফোন হারিয়ে যাওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েন। দীর্ঘদিন পর একটি ফোন উদ্ধারের খবরে আনন্দিত হওয়ার পাশাপাশি পুলিশের প্রতি তাঁদের আস্থা বেড়েছে।
অপর ফোনের মালিক মো. মাহমুদ শরীফ বলেন, গত নভেম্বর মাসে কর্মস্থল থেকে তাঁর মোবাইল ফোনটি হারিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেও সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের ফোন পেয়ে তিনি বিস্মিত ও আনন্দিত হন। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ফোনটি ফিরে পাওয়ায় তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, আধুনিক ডিজিটাল যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গ। একটি ফোন হারিয়ে গেলে আর্থিক ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বর ও ব্যক্তিগত তথ্য হারানোর ঝুঁকি থাকে। একই সঙ্গে প্রতারণা ও ব্ল্যাকমেইলের আশঙ্কাও তৈরি হয়। এতে অনেকেই মানসিক উদ্বেগ ও ভোগান্তির শিকার হন।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধারে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তবে একই আইএমইআই নম্বর একাধিক ফোনে ব্যবহার, প্রকৃত মালিকের কাছে আইএমইআই নম্বর সংরক্ষিত না থাকা এবং চুরি হওয়া ফোন দেশের বাইরে পাচারের মতো কারণে উদ্ধার কার্যক্রমে নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও আরএমপি ইতোমধ্যে শতাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে।
পুলিশ কমিশনার আরও বলেন, জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারে আরএমপির আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় হাটবাজার, গণপরিবহন ও জনসমাগমস্থলে পকেটমার ও প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি ব্যক্তিগত ব্যাগ ও মোবাইল ফোনের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ তথ্য ও আইএমইআই নম্বর সংরক্ষণের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) হিসেবে দায়িত্ব পালনরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) মো. দেলোয়ার হোসেন এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :