
নওগাঁ জেলা প্রতিনিধি:-
পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেনএমন প্রচারণা চালিয়ে নওগাঁর মান্দা উপজেলায় মাইকিং করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০/২৫
জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মামুন (৪৫), মৃত ইব্রাহীমের ছেলে নুরুল ইসলাম নরু (৪৮), কাঁশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৫) এবং অটোচার্জারচালক নলতৈড় গ্রামের মৃত রিয়াজের ছেলে কাবিল হোসেন (৪০)।
পুলিশ জানায়,
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকায় একটি অটোচার্জারে মাইকিং করে আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরছেন বলে প্রচারণা চালানো হয়। এ সময় প্রচারণার একটি ভিডিও ধারণ করে ‘আসলাম টিপু’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হয়।
প্রচারিত ২৯ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিও টি পুরো দেশ ভাইরাল হয়ে যায়, একের পর এক মিডিয়া প্রচার করতে থাকে, বিষয়টি নওগাঁ জেলা এসপির নজরে আসে জেলা পুলিশের নির্দেশনায় থানা পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে পুলিশের অভিযানে অটোচার্জারচালক কাবিল হোসেনকে বাগমারা থানা এলাকার মধ্য থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে অন্যতম অভিযুক্ত আসলাম হোসেন টিপু (৩০) উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের গঙ্গারামপুর বাসাপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রচারণায় ব্যবহৃত অটোচার্জারটিও জব্দ করা হয়েছে। ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :