

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গতকাল ১২ জুলাই দিবাগত গভীর রাতে (১৩ জুলাই) উপজেলার সাইপাড়া ও বৈদ্যনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অর্থঋণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি এস এম নাদিম মোস্তফাকে (পিতা- মোঃ আব্দুল জলিল, সাং- সাইপাড়া) উপজেলার সাইপাড়া গ্রামস্থ নিজ বাড়ি থেকে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে গ্রেফতার করা হয়। নাটোরের বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত তাকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৭ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন। লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ রুস্তম আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।
এদিকে পৃথক আরেকটি অভিযানে মাদক আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ শিশিরকে (পিতা- মোঃ শামীম আহম্মেদ, সাং- বৈদ্যনাথপুর) রাত ১টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিলেন। লালপুর থানার এএসআই মোঃ আনছার আলী এই অভিযানটি পরিচালনা করেন।
লালপুর থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিদের আজ (১৩ জুলাই) যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :