

জাহিদ হোসেন, , স্টাফ রিপোর্টার, খুলনা।
চা দোকানে কর্মরত হিন্দু যুবকের সঙ্গে সম্পর্কের জেরে চাঞ্চল্য, ধর্ম পরিবর্তনের দাবিও ছড়িয়েছন
প্রেমের টানে গাজীপুর থেকে বরগুনার পাথরঘাটায় ছুটে আসা সেই তরুণী অবশেষে পরিবারের কাছে ফিরে গেছেন। চা দোকানে কর্মরত এক হিন্দু যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাঁর পাথরঘাটায় আসার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর তিনি বাবা-মায়ের কাছে ফিরে যান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটার একটি চায়ের দোকানে কর্মরত ওই যুবকের সঙ্গে তরুণীর দীর্ঘদিনের যোগাযোগ ছিল। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের পরিচয় এবং পরবর্তী সময়ে নিয়মিত যোগাযোগের মধ্য দিয়ে ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়দের দাবি। একপর্যায়ে ওই তরুণী গাজীপুর থেকে পাথরঘাটায় এসে ওই যুবকের সঙ্গে দেখা করেন।
স্থানীয়রা জানান, ওই যুবকের নিজস্ব ঘরবাড়ি নেই। তিনি একটি চায়ের দোকানে কাজ করেন এবং থাকার নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় একটি মন্দিরে রাতযাপন করেন বলেও জানা গেছে।
এদিকে, প্রেমের সম্পর্কের কারণে তরুণী স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করতে চান—এমন কথাও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়। তবে ধর্ম পরিবর্তনের বিষয়ে তরুণীর আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা আইনগত প্রক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা ও বোঝাপড়ার পর তরুণী পাথরঘাটা থেকে গাজীপুরে ফিরে গিয়ে বাবা-মায়ের কাছে অবস্থান করছেন বলে জানা গেছে। তাঁর ফিরে যাওয়ার ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
তবে পুরো ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে নানা আলোচনা হলেও তরুণীর ব্যক্তিগত সিদ্ধান্ত, বয়স ও পারিবারিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত তথ্য ছাড়া কোনো মন্তব্য বা সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তরুণীর পরিবারের কাছে ফিরে যাওয়ার মধ্য দিয়ে ঘটনাটির আপাতত অবসান হলেও প্রেম, পারিবারিক সম্পর্ক ও ব্যক্তিগত সিদ্ধান্তকে ঘিরে পাথরঘাটায় সৃষ্ট এই ঘটনা স্থানীয় মানুষের মধ্যে বেশ কিছুদিন আলোচনার বিষয় হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :