

নিজস্ব সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার গণিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামের এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে বাগমারা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এক প্রবাসী নারী অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখেন এবং বাড়ি নির্মাণের জন্য তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেন। পরে বিয়ের বিষয়ে টালবাহানা শুরু করে সপরিবারে আত্মগোপনে চলে যান।
সংবাদ সম্মেলনে ওই নারী জানান, ২০১৮ সালে উন্নত জীবিকার সন্ধানে তিনি জর্ডানে যান। সেখানে কিছুদিন কাজ করার পর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। অস্ট্রেলিয়ায় অবস্থানকালে একই গ্রামের বাসিন্দা ও স্কুল শিক্ষক মুনসুর রহমানের সঙ্গে তার মুঠোফোনে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তার দাবি, সম্পর্ক গভীর হওয়ার পর মুনসুর রহমান তাকে বিয়ের প্রস্তাব দেন। পরে বাড়ি নির্মাণ শেষ হলে বিয়ে করবেন বলে আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেন। বাড়ির নির্মাণকাজ শেষ হওয়ার বিষয়টি জানালে তিনি বিয়ের উদ্দেশ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেশে ফিরে আসেন।
প্রবাসী নারীর ভাষ্য অনুযায়ী, দেশে ফেরার পর তিনি মুনসুর রহমানের বাড়িতে অবস্থান করতে থাকেন। কিন্তু বিয়ের কথা উঠলেই শিক্ষক নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। বিষয়টি স্থানীয়দের জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক সপরিবারে বাড়ি ছেড়ে চলে যান।
তিনি আরও অভিযোগ করেন, পরে বাধ্য হয়ে আদালতে নারী নির্যাতন ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর থেকে তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
জানা গেছে, মুনসুর রহমান উপজেলার আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
সংবাদ সম্মেলনে প্রবাসী নারী বলেন, ‘‘তিনি যদি আমাকে বিয়ে না করেন, তাহলে অন্তত আমার কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দিতে হবে।’’
এ সময় কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মুনসুর রহমানের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিকদের পরিচয় পাওয়ার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি
আপনার মতামত লিখুন :