

মোঃ মমিন আলী নওগাঁ
নওগাঁর পোরশা উপজেলার সুতরইল মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভুটভুটি (ইঞ্জিনচালিত যান) চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পোরশা উপজেলার সুতরইল মোড় এলাকায় একটি ভুটভুটির সঙ্গে অপর একটি অটো ভ্যান যানবাহনের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত তিন জনকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পোরশা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত ভুটভুটির চালককে হেফাজতে নেয়। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, সড়কে বেপরোয়া গতিতে ও নিয়ম না মেনে যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে আইনশৃঙ্খলা ও যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।
পোরশা থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :