মোঃ নিয়াজ মাসুদ স্টাফ রিপোর্টার নরসিংদী।
শীত আসন্ন। তাই বাড়ছে রোগ বালাই। আর তাই নরসিংদী জেলার সরকারি বেসরকারি হাসপাতালে রোগীদের উপচে পড়া ভীড়। সিজন চেঞ্জ হওয়ার পরও ডেঙ্গুর প্রকোপ কমে নি। পাশাপাশি হাম, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীত জনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট সরকারি জেলা হাসপাতালে গিয়ে একই চিত্র দেখা গেল। বহিঃ বিভাগ ও জরুরী বিভাগে রোগীদের ব্যাপক সমাগম। হাসপাতালের কোন শয্যা খালি নেই তাই বিপুল সংখ্যক রোগীরা যে যেখানে পারছেন বিছানা পেতে শুয়ে পড়ছেন।খালি ফ্লোর, বারান্দা, এমন কি সিঁড়ির নিচে কোথাও তিল ধারণের ঠাঁই নেই। ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে একদিনেই রোগী ভর্তি হয়েছে ৩১৬ জন। গড়ে এই হাসপাতালে রোগী থাকে ৫০০ জন।
২০১৮ সালে ৪০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়।
দীর্ঘ ৮ বছরেও এর নির্মাণ কাজ শেষ হয় নি। ১৩ তলা ফাউন্ডেশনের ওপর নির্মাণাধীন ভবনটির বিভিন্ন তলায় জরুরি বিভাগ, আউটডোর, অপারেশন থিয়েটার, আইসিইউ, ওয়ার্ড, প্রশাসনিক কার্যালয় এবং ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটি এখনো শেষ না হওয়ায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন নরসিংদী ও আশপাশের জেলার মানুষ।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.