আমাদের জন্মভুমি নিউজ ডেক্স
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ সংকটের মধ্যেই আবারও বাড়ল দাম। এবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা। এর আগে গত মাসে একই সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ানো হয়েছিল।মানচিত্র দেখুন
সোমবার (২ নভেম্বর) নতুন দাম ঘোষণা করে বিইআরসি। রাত ৮টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
গত মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৮৩৭ টাকা। তবে দেড় মাসের বেশি সময় ধরে বাজারে সরবরাহ সংকটের কারণে নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এই সিলিন্ডার। বর্তমানে কোথাও কোথাও ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় কিনতে হচ্ছে ভোক্তাদের।
বিইআরসির নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সা। সে হিসাবে বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে।
এলপিজি খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশে প্রায় এক কোটি গ্রাহক জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহার করেন। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ এলপিজি ব্যবহৃত হয় বাসাবাড়ির রান্নার কাজে। বাকি অংশ শিল্প ও পরিবহন খাতে ব্যবহৃত হয়। এ খাতের ৯৯ শতাংশ বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। এসব প্রতিষ্ঠান এলপিজি আমদানি করে বাজারে সরবরাহ করে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, গত দুই মাসে এলপিজি আমদানি উল্লেখযোগ্যভাবে কমেনি। অথচ বাজারে সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। ফলে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি অর্থ দিয়েও সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের।
২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি। তবে সংস্থাটির নির্ধারিত দামে বাজারে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সরবরাহ সংকটের অজুহাতে মাঝেমধ্যেই নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হয় এই জ্বালানি। অনেক ক্ষেত্রে বাড়তি দাম দিয়েও সিলিন্ডার পাওয়া যায় না।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.