নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পুকুর মালিক মোঃ আঃ হালিমের প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার শাবিলপুর গ্রামের বাসিন্দা মোঃ আঃ হালিম তাঁর নিজস্ব পুকুরে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। মাছ বিক্রি করে স্বাবলম্বী হওয়ার স্বপ্নে তিনি পুকুরটিতে বিপুল পরিমাণ মাছ লালন-পালন করছিলেন।
তবে অভিযোগ অনুযায়ী, গত রাতে কে বা কারা শত্রুতাবশত রাতের আঁধারে পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে। এর ফলে পুকুরে ভেসে ওঠে বিপুল পরিমাণ মরা মাছ। সকালে পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে পড়েন পুকুর মালিক ও স্থানীয়রা।ক্ষতিগ্রস্ত আঃ হালিম জানান, বিষ প্রয়োগের ফলে তাঁর পুকুরের সব মাছ এক রাতেই মরে ধ্বংস হয়ে গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। তিনি এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.