নিজস্ব সংবাদদাতা
জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে নাটোরের পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের কাপুড়িয়াপট্টির একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান জানান, অন্তর কুমার সাহা নামে এক যুবকের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার অন্তরের বাবা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নাটোর থেকে নওগাঁ যাওয়ার পথে মাধনগর স্টেশন এলাকায় একটি আসনের নিচে ল্যাপটপটি পড়ে থাকতে দেখেন। পরে গণমাধ্যমে জার্মান পর্যটকের মালামাল চুরির খবর প্রকাশিত হলে বিষয়টি পরিবারের নজরে আসে। এরপর তাঁরা ল্যাপটপটি নিজেদের কাছে রেখে দেন।
রোববার তাঁরা নাটোরে এলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ল্যাপটপটি উদ্ধার করে।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, অন্তর ও তাঁর বাবা পুলিশের হেফাজতে রয়েছেন। তবে এ ঘটনায় এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি বলেন, “এটা অত্যন্ত খুশির বিষয়, আমরা ল্যাপটপটি উদ্ধার করেছি। ক্রিলও খুশি হয়েছেন। তাঁর অন্যান্য মালামাল উদ্ধারের জন্যও আমরা কাজ করছি। সিসিটিভি ফুটেজে যে যুবককে শনাক্ত করা হয়েছে, তাঁর বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর বিকেলে বগুড়া থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার। পরে স্টেশনের ভিআইপি বিশ্রামাগারে এক যুবকের কাছে নিজের ব্যাগ রেখে টাকা তুলতে যান তিনি।
ফিরে এসে ব্যাগটি আর পাননি ক্রিল। ওই যুবকও সেখান থেকে উধাও হয়ে যান। ব্যাগে ল্যাপটপ ছাড়াও একটি ক্যামেরা ও অন্যান্য মালামাল ছিল। পরে তিনি নাটোর সদর থানা পুলিশকে বিষয়টি জানান।
ল্যাপটপ উদ্ধার হলেও পর্যটকের বাকি মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের বিষয়টি এখনো তদন্তাধীন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.