জামাল উদ্দীন :
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় যৌথ অভিযান চালিয়ে হ্নীলার চার যুবককে উদ্ধার করেছে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের চেকপোস্ট সংলগ্ন মৌসুমী গেইটের বাম পাশে মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১৬ এপিবিএন সূত্র জানায়, দুপুর ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌসুমী বাজার এলাকায় একটি অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। পরে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে দুটি দল সেখানে যৌথ অভিযান চালায়।
অভিযানে হেলাল উদ্দিন (২১), মো. ইউনুস (২১), জসিম উদ্দিন (২১) ও খায়রুল আমিন (২১) নামে চার যুবককে উদ্ধার করা হয়। তারা সবাই টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ সময় অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন মো. তারেক (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তিনি হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরে উদ্ধার হওয়া চার যুবক ও আটক তারেককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.