এস কে দাস, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকেরা মান্দা উপজেলার সার্বিক সমস্যা, সম্ভাবনা, চলমান উন্নয়ন কার্যক্রম এবং দুর্নীতিবিষয়ক নানা দিক নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। স্থানীয় জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে সঠিক তথ্য পেতে উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন সংবাদকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, "মান্দা উপজেলাকে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও মডেল হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে আপনারা এলাকার সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারেন।"
তিনি আরও স্পষ্ট করে বলেন, "জনস্বার্থে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য পেতে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন—সে বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মান্দায় দুর্নীতি প্রতিরোধ এবং সঠিক তথ্যপ্রবাহ সচল রাখতে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের এই সুসম্পর্ক ও সহযোগিতা অব্যাহত থাকবে।"
উক্ত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.