নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:নওগাঁর পোরশা উপজেলায় রাস্তায় দড়ি ফেলে দস্যুতার (ডাকাতি) প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদিসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে পোরশা থানাধীন শিশা বাজারের পূর্ব পাশে মাটিয়ান্দর সেতুর কাছাকাছি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁর পত্নিতলা উপজেলার হলাকান্দর গ্রামের তরিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), পোরশা উপজেলার ছোট কাটনা গ্রামের মাসুদুর রহমানের ছেলে নাইম মাহমুদ (১৯) এবং সমনগর গ্রামের মাহবুল সোনারের ছেলে মোস্তাকিম (১৯)।
পুলিশ জানিয়েছে, এরা এলাকায় পথচারীদের নিকট 'কিশোর গ্যাং' সদস্য হিসেবে পরিচিত।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল পোরশা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং ডাকাতি, দস্যুতা ও ছিনতাই প্রতিরোধের লক্ষ্যে বিশেষ টহল ডিউটি পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টিম জানতে পারে যে, একদল দুষ্কৃতকারী শিশা বাজারের পূর্ব পাশে মাটিয়ান্দর সেতুর কাছাকাছি রাস্তায় দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে।সংবাদ পাওয়া মাত্রই ডিবি পুলিশের অভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা তাদের মোটরসাইকেল ফেলে পাশের জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে পুলিশ ঘটনাস্থল থেকেই ওই তিনজনকে গ্রেফতার করে।
পরবর্তীতে উপস্থিত সাধারণ জনগণের সামনে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ১ নং আসামি দেলোয়ার হোসেনের কাছ থেকে একটি দেশীয় তৈরি তীক্ষ্ণ খাঁজকাটা লম্বা হ্যান্ডেল চেইন এবং ২ নং আসামি নাইম মাহমুদের কাছ থেকে একটি দেশীয় তৈরি হ্যান্ডেল চেইন উদ্ধার করা হয়। এছাড়া ৩ নং আসামি মোস্তাকিমের হাতে থাকা শপিং ব্যাগ থেকে ২৫ ফুট লম্বা দড়ি ও একটি ছোট টর্চ লাইট জব্দ করা হয়। একই সাথে দস্যুতার কাজে ব্যবহৃত তাদের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা রাস্তায় দড়ি ব্যারিকেড দিয়ে পথচারী ও যানবাহন থামিয়ে ডাকাতি করার পরিকল্পনার কথা স্বীকার করেছে। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পোরশা থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.