রাজশাহী/চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার (৯ সেপ্টেম্বর) ফায়ারিং অনুশীলনকালে একটি ট্যাংক থেকে গোলা বর্ষণের সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই সেনাসদস্যের মধ্যে একজন হলেন তাসনিম হোসেন রিফাত (২৮)। তিনি রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। অন্য নিহত সেনাসদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দেশের সেবায় নিয়োজিত থাকা অবস্থায় তরুণ সেনাসদস্য রিফাতের অকাল মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। রিফাতের পরিবারসহ পুরো বিন্দারামপুর গ্রামে এখন শোকের মাতম চলছে। স্বজনদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা।
পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন পরিষদ ও স্থানীয় বাসিন্দারা জানান, রিফাত ছিলেন অত্যন্ত নম্র ও দেশপ্রেমিক একজন তরুণ। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রাথমিকভাবে ফায়ারিং অনুশীলনের সময় কারিগরি ত্রুটি বা আকস্মিক বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.