মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার ইসবপুর এলাকার তিলকপুর থেকে সান্তাহার হবির মোড়গামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—দিনাজপুরের হাকিমপুর থানার খট্টা মাদকপাড়া এলাকার পারুল বেগম (৫৬) এবং একই এলাকার রুপালী বেগম (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে ওই সড়কের পাশে আব্দুস ছালামের মুদি দোকানের পূর্ব পাশে একটি নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজির পেছনের আসনে বসা পারুল বেগম ও রুপালী বেগমের কাছ থেকে গোলাপি পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়।
অভিযোগ রয়েছে, তারা বিশেষ কৌশলে পুরোনো কাপড় দিয়ে গাঁজার প্যাকেট কোমরের সামনের দিকে বেঁধে বহন করছিলেন। তাদের প্রত্যেকের কাছ থেকে ১.৫ কেজি করে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, গাঁজার এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।##
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.