বিশেষ প্রতিনিধি,
কক্সবাজারে ৯০ হাজার পিস ইয়াবা ও ৩৫ লাখ টাকা উদ্ধার, নারীসহ আটক ৩
কক্সবাজার সদর উপজেলার হাজীপাড়া এলাকার এক বাড়ি থেকে ৯০ হাজার পিস ইয়াবা ও ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—মোমেন মেহেদী আশিক, তার স্ত্রী সাদিয়া ফারহানা ও তাদের এক সহযোগী।
ডিএনসি সূত্রে জানা যায়, আটক মোমেন মেহেদী আশিক এক পুলিশ কর্মকর্তার শ্যালক হিসেবে পরিচিত। ইয়াবা ও টাকা উদ্ধার করা বাড়িটিও ওই পুলিশ সদস্যের বলে জানা গেছে।
বাড়িটি দেখাশোনার দায়িত্বে ছিলেন মোমেন।
ডিএনসি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজীপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাড়ি থেকে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার টাকা মাদক বিক্রির অর্থ।
সূত্র আরো জানায়, প্রাথমিক তদন্তে ডিএনসি জানতে পারে আটকরা কক্সবাজার হয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে অবস্থান করছিলেন। তারা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সৌমেন মণ্ডল বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘উদ্ধার ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিদের মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.