মহাদেবপুর উপজেলা প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে দুলাল পাড়া এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে নগদ টাকা ও সোনা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর, ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ির অদূরে একটি চিপা গলির ভেতর এই ঘটনা ঘটে।নিহত ব্যবসায়ীর নাম অলিফ দত্ত। তিনি মহাদেবপুরের দুলাল পাড়ার বাসিন্দা এবং কাসা পট্রি এলাকার একটি সোনার দোকানের মালিক ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে অলিফ কাসা পট্রি এলাকায় নিজের সোনার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত পেছন থেকে তাকে অনুসরণ করতে থাকে। অলিফ তার বাড়ির কাছাকাছি পৌঁছালে, আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘেরাও করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।তার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা টাকার ব্যাগ ও সোনা নিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অলিফের ছোট ভাই প্রশান্ত দত্ত জানান, হামলাকারীরা অলিফের কাছে থাকা নগদ ৬ লাখ টাকা এবং ৭ ভরি সোনা ছিনিয়ে নিয়ে গেছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.