জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিভিন্ন ধরনের ঔষধসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক তিনজনের মধ্যে দুইজন মায়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি।
রবিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি করে এসব ইয়াবা ও ঔষধ উদ্ধার করে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মায়ানমারের দুই নাগরিক স্বীকার করেন, তারা ইয়াবার চালান নিয়ে মায়ানমার থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করে ওই বাড়িতে অবস্থান করছিলেন। বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবাসহ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ এবং ফেরার সময় বাংলাদেশ থেকে মায়ানমারে বিভিন্ন ধরনের ঔষধ পাচারের পরিকল্পনা ছিল তাদের।
পরবর্তীতে আটক দুই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির মালিক ও বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা, ঔষধ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.