বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়ে করণীয় নির্ধারণে নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মেমনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিহাব।
সভায় প্রেসক্লাবের চলমান কার্যক্রম, সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নতুন কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে সদস্যরা মতামত দেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হলো সত্য, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করে নির্ভুলভাবে তা উপস্থাপন করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি পক্ষপাত না করে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রেসক্লাবের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্য জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া প্রেসক্লাবের কার্যক্রমকে আরও পরিকল্পিত ও কার্যকর করতে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.