জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা
খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের প্রবীণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিত্ব মোদাচ্ছের শেখের জানাজায় নেমেছিল মানুষের ঢল। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগঘন উপস্থিতিতে তাকে শেষ বিদায় জানানো হয়।
মোদাচ্ছের শেখ ছিলেন খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শেখ সাইদুর রহমানের ভাই। তিনি দিঘলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবলু এবং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম আতিকের পিতা।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দেয়াড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ আসর নিজ বাসভবনের পাশের বালুর মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজাকে কেন্দ্র করে বালুর মাঠে শত শত মানুষের সমাগম ঘটে। রাজনৈতিক মতাদর্শ, দল-মত ও সামাজিক অবস্থানের ভিন্নতা ভুলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন। জানাজার মাঠ পরিণত হয় মানুষের মিলনমেলায়।
স্থানীয়দের ভাষ্য, মোদাচ্ছের শেখ ছিলেন অত্যন্ত মার্জিত, সজ্জন, বিনয়ী ও মানবিক গুণসম্পন্ন একজন মানুষ। দীর্ঘ জীবনে সততা, সামাজিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার অমায়িক ব্যবহার, সামাজিক সম্পৃক্ততা ও মানুষের প্রতি আন্তরিকতার কারণে এলাকায় তিনি ছিলেন সর্বজনশ্রদ্ধেয় একজন ব্যক্তি।
জানাজায় অংশ নেওয়া মুসল্লিরা বলেন, মোদাচ্ছের শেখের মতো সজ্জন ও মানবিক মানুষের চলে যাওয়া সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তার মৃত্যুতে দেয়াড়া গ্রামসহ পুরো দিঘলিয়া এলাকায় নেমে এসেছে শোকের আবহ। স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করে চিরবিদায় নিয়েছেন প্রবীণ এই সমাজহিতৈষী।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.