এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি- লক্ষ্মীছড়ি সীমান্তের ধুরুং খাল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের অবৈধ পাহাড়ি কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী।
১৮ আগস্ট (মঙ্গলবার) রাত ১১টার দিকে লক্ষ্মীছড়ি সেনা জোনের তত্ত্বাবধানে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে খালের বিভিন্ন স্থান থেকে ২৫০ পিস পাহাড়ি গোলকাঠ ও ৪০০টি বাঁশ উদ্ধার করা হয়। জব্দ করা বনজ সম্পদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানিয়েছে, পাহাড়ি বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ-বাঁশ পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর কিছুদিন আগেও ফটিকছড়ির খিরাম ইউনিয়নের সর্তাখাল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে মজুত করা বেশ কিছু গাছ ও বাঁশ জব্দ করেছিলো সেনাবাহিনী। ধারাবাহিক এসব অভিযানের মধ্য দিয়ে পাহাড়ি বনজ সম্পদ পাচার ও অবৈধ মজুদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদারের বিষয়টি উঠে এসেছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.