সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সহ-সভাপতি জিয়াউল আমিন জুয়েলকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জিয়াউল আমিন জুয়েল ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার বাসিন্দা। নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। শনিবার বিকেলে তাকে সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনসহ বেশ কয়েকজন নেতার ফেসবুক আইডিতে বিভিন্ন কর্মসূচি পালনের ভিডিও ও ছবি পোস্ট করা হয়।
তবে পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও ব্রাহ্মণবাড়িয়া সদর বা শহরের কোনো স্থানের নয়; এগুলো অন্য কোনো এলাকার অথবা আগের পুরোনো কর্মসূচির ভিডিও।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জুয়েলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো কর্মসূচি পালিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।
নিষিদ্ধ সংগঠনের যেকোনো সহিংসতা প্রতিরোধে পুলিশের অভিযান ও সতর্ক পাহারা অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.