সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন অফিসে চলমান বিভিন্ন অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি কোনো পূর্বঘোষণা ছাড়াই সরাসরি উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হন। এ সময় তিনি নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন এবং অন্যান্য সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।
সেবা গ্রহণে তারা কোনো ধরনের হয়রানি, অনিয়ম বা অবৈধ অর্থ লেনদেনের শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে তিনি নিবিড় খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য উপস্থিত সেবাগ্রহীতাদের উদ্দেশে বলেন, “আমি সরাসরি আপনাদের সমস্যার কথা জানতে এসেছি। ভোটার হতে গিয়ে কিংবা এনআইডি-সংক্রান্ত কোনো সেবা নিতে যদি কেউ হয়রানি করে, অবৈধভাবে অর্থ দাবি করে বা সেবা দিতে গড়িমসি করে, তাহলে আমাকে সরাসরি জানাবেন। জনগণের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ বা হয়রানি বরদাশত করা হবে না।”
এ সময় তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিককে কঠোরভাবে সতর্ক করে বলেন, নতুন ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধনের ক্ষেত্রে কোনো নাগরিক যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন।
সরকারি সেবা শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে কড়া নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনের সময় এক প্রবাসী নাগরিকের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ শুনে সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি প্রবাসীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কমাতে উপজেলা নির্বাচন অফিসে একটি স্বতন্ত্র ‘প্রবাসী সেবা ডেস্ক’ চালু এবং সেবা নিতে আসা সকলের জন্য পর্যাপ্ত বসার স্থান নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
এমপি আব্দুল মান্নানের এই আকস্মিক পরিদর্শনে নির্বাচন অফিসে উপস্থিত সেবাগ্রহীতা ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের শীর্ষপর্যায়ের এ ধরনের নজরদারি অব্যাহত থাকলে নির্বাচন অফিসে সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং দালালচক্র ও হয়রানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পল্লী উন্নয়ন সমবায় সমিতির চেয়ারম্যান রাশেদুল ইসলাম কাজী সুমনসহ নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.