মোছাঃ শাহানা খাতুন নওগাঁ
নওগাঁর বদলগাছী উপজেলায় খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নূর ইসলাম ও তাঁর স্ত্রী সুমাইয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাত্র ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি বড় খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন নূর ইসলাম। এ সময় খালের পাড়ে দাঁড়িয়ে ছিলেন তাঁর স্ত্রী সুমাইয়া। একপর্যায়ে নূর ইসলাম পানিতে তলিয়ে যেতে থাকলে তাঁকে বাঁচানোর জন্য সুমাইয়া পানিতে ঝাঁপ দেন। এরপর তিনিও পানিতে নিখোঁজ হয়ে যান।
ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর দুজনকে অচেতন অবস্থায় খাল থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, শনিবারও নূর ইসলাম শ্বশুরবাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটিয়েছিলেন। কিন্তু একদিনের ব্যবধানে সেই সুখের সংসার চিরতরে স্তব্ধ হয়ে গেল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.