নিজস্ব সংবাদদাতা
রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলোচিত একটি অপহরণ মামলার ১৫ বছর বয়সী ভিকটিম আল আসমাউল হুসনা তাসনিমকে উদ্ধার করেছে র্যাব-৫, রাজশাহী। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে মহানগরীর লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।
র্যাব-৫ জানায়, শনিবার (২৭ জুলাই) বিকেল ৪টা ৫৫ মিনিটে র্যাব-৫-এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর লক্ষীপুর চৌরাস্তায় পুলিশ বক্সের সামনে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে।
র্যাব সূত্রে জানা যায়, এ ঘটনায় দামকুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৭/৩০ ধারায় দায়ের হওয়া অপহরণ মামলা (নং-০৪, তারিখ: ১১ জুলাই ২০২৬)-এর ভিত্তিতে অভিযান চালানো হয়।
ঘটনার বিবরণে জানা গেছে, ভিকটিম ও অভিযুক্তরা প্রতিবেশী। গত ১০ জুলাই রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ভিকটিম তার মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে দামকুড়া থানাধীন দেশলাপাড়া বিলসংলগ্ন সড়ক থেকে মো. সাকিব (২১) ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচনার জন্ম দেয়।
পরে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে দামকুড়া থানায় মামলা দায়ের করা হলে র্যাব-৫ গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নেমে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিমকে দামকুড়া থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপহরণ, সন্ত্রাস, মাদক, অস্ত্রসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.