মোঃ মতিউর রহমান মোহনপুর উপজেলা প্রতিনিধি
মোহনপুর, রাজশাহী সরকার উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল ১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, বিআরডিবি, মোহনপুরের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার বিকল্প নেই। কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, যুব উন্নয়ন, সমবায় কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পল্লী উন্নয়নের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বিআরডিবির মাধ্যমে পরিচালিত সমবায় ও ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও জোরদার করে গ্রামের মানুষকে স্বাবলম্বী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
শেষে বিআরডিবির সফল সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট ও ঋণের চেক বিতরণ করা হয়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.