জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার,দিঘলিয়া
খুলনার দিঘলিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় প্রদর্শনী চাষীদের মাঝে বিভিন্ন মৎস্য চাষ উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধি, চাষীদের দক্ষতা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রদর্শনী চাষীদের মাধ্যমে উন্নত ও টেকসই মৎস্য চাষ পদ্ধতি সাধারণ চাষীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হুসাইন, উপজেলা বন কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম।
এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী চাষীরা উপস্থিত ছিলেন। উপকরণ পেয়ে চাষীরা সন্তোষ প্রকাশ করে জানান, এ ধরনের সহায়তা দেশীয় মাছের উৎপাদনে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং মাছ চাষের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে লাভবান হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রত্যেক চাষীর মাঝে দেশীয় প্রজাতির ট্যাংরা ও শিং মাছের পোনা, মাছের খাদ্য এবং পুকুরপাড়ে রোপণের জন্য লেবু, পেঁপে, বেগুন ও মরিচের চারা বিতরণ করা হয়। এ উদ্যোগ মৎস্য চাষের পাশাপাশি পুষ্টি ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.