সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালন ও মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা বাঘা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গ্রিন টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি সাংবাদিক তন্ময় দেবনাথ। সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজশাহী মহানগরীর হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহত তন্ময় দেবনাথকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৩টার দিকে তাকে বাসায় নেওয়া হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গভীর রাতে তন্ময় দেবনাথ হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে এসে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তার গতিপথ রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা তন্ময়ের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের উপর্যুপরি আঘাতে তার দুই হাত, পা ও কোমর গুরুতর জখম হয়। হামলার পর রক্তাক্ত অবস্থায় সাংবাদিক তন্ময় মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার কাঁধে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। ওই ব্যাগে তার সাংবাদিকতার কাজে ব্যবহৃত মূল্যবান ও প্রয়োজনীয় সরঞ্জামাদি ছিল। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনটিও লুটে নেয় সন্ত্রাসীরা।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করতে আইনগত প্রক্রিয়া ও তদন্ত জোরদার করা হয়েছে।
এদিকে সাংবাদিক তন্ময়ের ওপর এই কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সংবাদকর্মীরা।
এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরার শামিল। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.