
নিজস্ব প্রতিবেদক: জীবন দেওয়ান উজ্জ্বল
সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান গ্লোবাল কিডস স্কুল বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মৌসুমী ফল উৎসবের আয়োজন করেছে। শুক্রবার (১২ জুন) সকালে টঙ্গী রেলস্টেশন সংলগ্ন খোলা আকাশের নিচে স্কুল প্রাঙ্গণে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুশ্রমমুক্ত সমাজ গঠন এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। শিশুদের শ্রমে নয়, শিক্ষায় সম্পৃক্ত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে এবং পরিচালক মোহাম্মদ শামীম রেজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক নেতা কালিমুল্লাহ ইকবাল, জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. মুনসুর আহমেদ, ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুল খালেক, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদল নেতা মো. শাহীন আহম্মেদ রিজভী, স্থানীয় সাংবাদিক মো. আরিফ চৌধুরী এবং মো. নুরুজ্জামান শেখ।
বক্তারা বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। কোনো শিশুই যেন দারিদ্র্য ও অবহেলার কারণে শ্রমে নিয়োজিত না হয়। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ শৈশব নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।” তারা গ্লোবাল কিডস স্কুলের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শিশুদের মাঝে আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ধরনের মৌসুমী ফল বিতরণ করা হয়। ফল উৎসবে অংশ নিয়ে শিশুদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং তাদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.