নিজস্ব সংবাদদাতা
সন্ত্রাস, ডাকাতি ও নাশকতার ঘটনায় দীর্ঘদিন ধরে আতঙ্কে থাকা রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চরাঞ্চলে অবশেষে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের দাবির পর রাজশাহী রেঞ্জ ডিআইজি এক মাসের মধ্যে পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দিয়েছেন। এরফলে স্বস্তি ফিরতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে।
বুধবার (২৭ মে) সরেজমিন বাঘার পদ্মার চরণঞ্চল এলাকা পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি জানান, চরাঞ্চলে দ্রুত একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে।
ডিআইজি আরো বলেন, “চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় থাকা মানুষ স্বস্তি পাবে। তবে অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয়দেরও সহযোগিতা প্রয়োজন।
এ সময় রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, সাম্প্রতিক সময়ে গোলাগুলি, ডাকাতি ও নাশকতার ঘটনায় চরাঞ্চলের সাধারণ মানুষ চরম উদ্বেগ-আতঙ্কে দিন কাটাচ্ছিল। বিষয়টি গুরুত্ব সহকারে রাজশাহী রেঞ্জ পুলিশের নজরে আনা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া যায়। তিনি চরাঞ্চলে পুলিশ ফাঁড়ির স্থাপন করতে চাওয়াই ডিআইজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের অভিযোগ, ভৌগোলিক ভাবে বিচ্ছিন্ন ও দুর্গম হওয়ায় বাঘার চরাঞ্চল দীর্ঘদিন ধরেই অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত উপস্থিতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার বলেন, “পুলিশ ফাঁড়ি স্থাপনের খবরে চরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।”
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, নতুন পুলিশ ফাঁড়ি চালু হলে চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার নাইমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপারসহ উপজেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১১ মে বাঘা সীমান্তবর্তী এলাকা থেকে ১৭৬টি গরু কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় নিয়ে দখলে নেওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে বাঘা, লালপুর ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে গরুগুলো উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এছাড়া গত ১৮ মে দিবাগত রাতে কালিদাসখালী চরে গোলাগুলির ঘটনার পর স্থানীয় বাসিন্দা স্বপন ব্যাপারী নিখোঁজ হন। এখনো তার সন্ধান মেলেনি। এর আগে একে রাতে চার বাড়িতে ডাকাতি এবং দুই বাজারের ছয়টি দোকান চুরির ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করে।
তারই প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে চরাঞ্চলে পুলিশ ফাঁড়ির দাবি জানানো হয়। যা আগামী এক মাসের মধ্যে বাস্তবায়ন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.