জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ এর ভোররাতের বিশেষ সাঁড়াশি অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উখিয়া থানার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকার একটি বাঁশঝাড়ে বিপুল পরিমাণ ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৮ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে র্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.