জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালীতে র্যাব ও বিজিবির পৃথক অভিযানে মোট ১ লাখ ১২ হাজার ৮৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে নারীসহ ৫ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার শীলখালী অস্থায়ী চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২,৮৬৭ পিস ইয়াবাসহ মোঃ আলম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। বিজিডি-১১২২ ডগ ‘হেক্টর’-এর সহায়তায় পরিচালিত অভিযানে তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে টেকনাফ থেকে ইয়াবা এনে কক্সবাজারে বিক্রির কথা স্বীকার করে।
এদিকে, চট্টগ্রামের বাঁশখালীতে র্যাব-৭ এর অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে চেচুরিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটকরা হলেন— মো. সলিম উল্লাহ (৪৩), মো. হাসান মুরাদ (৪৮) ও মো. মজিদ আলম ওরফে মরজান (৩৫)।
অন্যদিকে, কক্সবাজারের রামুতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) পৃথক অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী পাচারকারীকে আটক করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান জোরদার করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.