নিজস্ব প্রতিবেদক:
মাত্র চার ঘণ্টার নোটিশে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টাকে ‘অন্যায় ও চক্রান্তমূলক’ বলে আখ্যায়িত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একইসঙ্গে ৪০-৪৫ বছর ধরে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে জেলা প্রশাসকের মাধ্যমে খাসজমি বন্দোবস্ত দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নওদাপাড়া এলাকার পাবনাপাড়া মহল্লার অর্পিত সম্পত্তি ঘিরে দখল ও উচ্ছেদ-সংক্রান্ত বিরোধ প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “উচ্ছেদ করতে হলে অন্তত ছয়-সাত দিন সময় দিতে হবে। তা না করে হঠাৎ করে ঘরবাড়ি ভেঙে দেওয়াটা একজন মানুষ হিসেবে আমি অত্যন্ত অন্যায় মনে করি।” তিনি জানান, অতীতের দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার ব্যর্থতার কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অসহায় ও নিঃস্ব মানুষের পাশে থাকা তার নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় সাবেক সরকারের আমলে ভূমিদস্যুদের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, “বিগত সময়ে লিটন, শাহু ও সাচ্চুর মতো ভূমিদস্যুরা জনগণের সম্পদ দখলের চেষ্টা করেছে।” তিনি স্পষ্ট করে জানান, বহু পুরোনো মালিকানা দাবি দেখিয়ে অর্পিত সম্পত্তি দখলের কোনো সুযোগ নেই।
ভূমিদস্যুদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিরোধে আইনি লড়াই জোরদারের আহ্বান জানিয়ে তিনি স্থানীয় আইনজীবীদের সমন্বয়ে একটি প্যানেল গঠনের পরামর্শ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তার ঘোষণাও দেন।
খাসজমি প্রসঙ্গে তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধীন থাকা খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টনে সরকার আন্তরিক। প্রয়োজনে প্রতিটি পরিবারকে এক থেকে দুই কাঠা জমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, ঘটনার জেরে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি হস্তক্ষেপ না করে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান মন্ত্রী।
এর আগে একইদিন সকাল ১০টায় ভূমিমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ও তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন ক্ষতিগ্রস্তরা। পরে মন্ত্রী নিজে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.