নিজস্ব প্রতিবেদক
রাজধানীর অদূরে ঢাকা জেলার আশুলিয়া থানার শ্রীখন্ডিয়া এলাকায় চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামি মো: বিপ্লব হাসান বিপু (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জানা যায়, গত দুইদিন (১৯ ও ২০ এপ্রিল ২০২৬) ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সাতৈর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে চাঞ্চল্যকর
হত্যা মামলার এজাহার নামীয় আসামি মো: বিপ্লব হাসান বিপু (২৮)কে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) সকালে গ্রেফতারকৃত আসামি মো: বিপ্লব হাসান বিপু'র দেখানো মতে আশুলিয়া থানার শ্রীৎন্ডিয়া এলাকার জনৈক হাজী আলতাফ সরদারের নার্সারীর কাঁঠাল গাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত (ছেনি-দা)'টি উদ্ধার করতে সক্ষম হয়। দীর্ঘদিনের বিরোধ এবং ক্ষোভের জের ধরে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে বলে জানিয়ে পিবিআই। নিহত ব্যক্তি এবং গ্রেফতারকৃত আসামিরা দূর সম্পর্কে মামাতো ভাই বলে জানা গেছে।
পিবিআই পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো: বিপ্লব হাসান বিপু (২৮)। সে ঢাকা জেলার আশুলিয়া থানার শ্রীখন্ডিয়া গ্রামের মোঃ আরজুল হক এর পুত্র। হত্যাকান্ডের পর সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আসামি বিপুকে গ্রেফতার করে।
আজ বুধবার (২২ এপ্রিল, ২০২৬) সকাল সাড়ে ১১টায় রাজধানী উত্তরায় বাড়ী নং-৩৫, রোড নং-১৪, সেক্টর নং-১২. উত্তরায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা অফিসে এবিষয়ে এক প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলা পুলিশ সুপার এম,এন, মোর্শেদ সাংবাদিকদের নিকট এসব তথ্য তুলে ধরেন। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আহসান উল্লাহসহ
পিবিআই ঢাকা জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার এম,এন, মোর্শেদ সাংবাদিকদের জানান, গত ১৫ এপ্রিল ২০২৬ ঢাকা জেলার আশুলিয়া থানার শ্রীখন্ডিয়া এলাকায় ফয়সাল মোল্লা (৩৫) নামক এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ হুমায়ুন কবির বাদী হয়ে আশুলিয়া থানায় মো: বিপ্লব হাসান বিপু (২৮) এবং মো: মাসুদ (৩৪) সহ আরও অজ্ঞাতনামা ১/২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং ৭১, তারিখ ১৬ এপ্রিল ২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড)। ঘটনার পর পরই এজাহার নামীয় আসামি মো: বিপ্লব হাসান বিপু (২৮) এবং মো: মাসুদ পালিয়ে আত্মগোপনে চলে যায়। পিবিআই এর সিডিউল ভুক্ত হওয়ায় গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখ পিবিআই ঢাকা জেলা উদ্যোগে মামলাটি অধিগ্রহণ করে এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আহসান উল্লাহকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। হত্যাকাণ্ডে আসামিদের অবস্থান সনাক্তকরণ এবং গ্রেফতারে পিবিআই ঢাকা জেলা টিম প্রথম থেকেই ছায়া তদন্ত অব্যাহত রাখে। পিবিআই প্রধান, অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামাল মহোদয়ের দিকনির্দেশনায় এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম,এন, মোর্শেদ এর তত্ত্বাবধানে পিবিআই এর তদন্ত টিম গত ১৯ এবং ২০ এপ্রিল ২০২৬ তারিখ ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বোয়ালমারীর সাতৈর থেকে মামলার এজাহার নামীয় আসামি মো: বিপ্লব হাসান বিপু (২৮)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত মোঃ ফয়সাল গ্রেফতারকৃত মো: বিপ্লব হাসান বিপু (২৮) এবং অপর এজাহার নামীয় আসামি মো: মাসুদদ্বয়ের দূর সম্পর্কে মামাতো ভাই। দীর্ঘদিনের বিরোধ এবং ক্ষোভের জের ধরে তাকে হত্যা করা হয়। ঘটনার দিন ভিকটিম ফয়সাল এজাহার নামীয় আসামি বিপ্লব হাসান বিপুর দুইজন কর্মচারীর নিকট থেকে নেয়া মোবাইল ফোন ফেরত দেয়ার জন্য বিপ্লব হাসান বিপুকে ঘটনাস্থলে আসতে বলে। এরপর মো: বিপ্লব হাসান বিপু(২৮) ঘটনাস্থলে আসে এবং তার বড় ভাই মাসুদকেও ফোন করে আসতে বলে। মো: বিপ্লব হাসান বিপু (২৮) এবং ফয়সাল কথা বলা অবস্থায় মাসুদ সেখানে আসে এবং তার হাতে থাকা লোহার রড দিয়ে ফয়সালকে অতর্কিত উপর্যুপুরি আঘাত করতে শুরু করে। সে সুযোগে মো: বিপ্লব হাসান বিপু (২৮) ফয়সালের হাতে থাকা ধারালো (ছেনি-দা) নিয়ে ফয়সালকে কোপাতে শুরু করে। এক পর্যায়ে ফয়সালের মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে আত্মগোপনে চলে যায়। মামলা ও পিবিআই সূত্রে জানা যায়, নিহত ফয়সাল মোল্লা (৩৫) হত্যা মামলার গ্রেফতারকৃত আসামি মো: বিপুকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.