স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার এবং এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) দিনভর পরিচালিত এসব অভিযানে মাদকবিরোধী তৎপরতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার একটি চৌকস দল উপজেলার সোনারামপুর এলাকার উজানভাটি হোটেলের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে পার্কিং করা একটি সন্দেহজনক প্রাইভেটকারে তল্লাশি চালাতে গেলে গাড়িটির ড্রাইভার ও মালিক পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে এর ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল—Teacher’s Whisky ১২ বোতল, Jack Daniel’s Whisky ১২ বোতল, VAT 69 Whisky ১২ বোতল, Ballantine’s Whisky ৬ বোতল, Black & White Whisky ২৪ বোতল, Chivas Regal Whisky ১২ বোতল, Grant’s Whisky ৬ বোতল এবং Claymore Whisky ১২ বোতল। সব মিলিয়ে মোট ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
এদিকে একই দিন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় আরেকটি অভিযান চালায় পুলিশ। এ সময় এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত নারীর দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১,৬০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নারীর নাম রুনা বেগম (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর এলাকার বাসিন্দা। তার স্বামী মৃত রুসেন আলী ভূইয়া। এছাড়া তার পিতা মৃত উলফত আলী এবং মাতা মৃত ফাতেমা বেগম।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সামগ্রী আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আশুগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.