নিজস্ব সংবাদদাতা
জঙ্গিবাদ ও মাদকমুক্ত জীবন গড়ার শপথ নিলো রাজশাহীর বাগমারা উপজেলার কৃতি শিক্ষার্থীরা। রবিবার উপজেলার সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ শপথ নেয় তারা।
সকালে ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। এর আগে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজক সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি’র সঙ্গে শপথ বাক্য পাঠ করেন। সামনে হাত তুলে একসঙ্গে সবাই বলেন, ‘মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংবিধানের প্রতি অনুগত থাকব। দেশ ও জাতির প্রয়োজনে জীবন উৎসর্গ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলবো। বাবা-মা ও শিক্ষকদের পরামর্শ সর্বদা মানিয়া চলব। জীবনের শেষ দিন পর্যন্ত বাবা-মায়ের প্রতি অনুগত থাকব। যে কোন দুঃখ কষ্ট গ্লানি পরাজয় ও প্ররোচনায় জঙ্গিবাদ ও মাদক থেকে বিরত থাকব। জীবনের কোন অবস্থাতেই মাদক স্পর্শ করব না’।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রণ জাহিদুর রহিম, এনাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.