নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহীর নবাগত জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী একটি অপার সম্ভাবনাময় জেলা এবং এ সম্ভাবনাকে কাজে লাগাতে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখেন, তবে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা প্রশাসনের কাজের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সামাজিক সমস্যা এবং গণসেবার মানোন্নয়ন নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী প্রমুখ
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.