নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে তাকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করা হয়েছিল।
এ সময় আসাদের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক মো. হাদিউজ্জামান তা নামঞ্জুর করেন। পরে আসাদকে প্রিজনভ্যানে করে কারাগার নিয়ে যাওয়ার সময় তার কিছু কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন।
রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক মো. আমান উল্লাহ জানান, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মোহনপুর থানায় করা একটি মামলার ধার্য্য তারিখ ছিল আজ (বৃহস্পতিবার)। এ মামলায় হাজিরার জন্য সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল। এ সময় তার জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
আরেকটি মামলায় আসাদুজ্জামানকে শ্যেন অ্যারেস্ট দেখানোর আবেদন ছিল। আদালত এই আবেদন মঞ্জুর করেছেন বলেও জানান তিনি।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গত ৬ অক্টোবর ঢাকায় তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হন। সম্প্রতি তাকে ঢাকা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়। বুধবার তাকে আদালতে তোলা হলে নেতাকর্মীরা তাকে দেখে ‘জয় বাংলা’ শ্লোগান দেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত প্রাঙ্গন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.