

নিজস্ব সংবাদদাতা
রাজশাহীতে পদ্মা নদী থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরের বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে নৌ পুলিশ ও বোয়ালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল। তবে তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ফুলে যাওয়ায় বয়স সম্পর্কেও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। এটি হত্যাকাণ্ড কি না, নাকি অন্য কোনো স্থান থেকে ভেসে এসেছে -তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আপনার মতামত লিখুন :